রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে ক্যান্সার, ত্বক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম একাডেমিক বিল্ডিং-এর ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে উক্ত সেমিনার আয়োজিত হয়।
স্বাস্থ্য সচেতনতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করেন রাকসুর আমন্ত্রিত ডাক্তার অধ্যাপক ডা. ফাতেমা সিদ্দিকা, অধ্যাপক ডা. আফরোজা নাজনীন আশা এবং ডা. মরিয়ম নেছা।
স্বাস্থ্য সচেতনতার বিষয়ে রাকসু এজিএস সালমান সাব্বির বলেন, ‘আমরা কতটা স্বাস্থ্য সচেতনতা মেনে চলি, সেদিকে লক্ষ রাখতে হবে। হলের যে পরিবেশে আমরা থাকি, যেমন দীর্ঘদিন মশারি টাঙিয়ে রাখা, বিছানার চাদর না ধোওয়াসহ ব্যক্তিগত পর্যায়ে সচেতন না হলে মানুষ এমনিতেই অসুস্থ হয়ে যায়। তাই আমাদেরকে নিজেদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে।’
উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, ‘স্বাস্থ্য সমস্যা একটা নিয়মিত সমস্যা। স্বাস্থ্যের প্রতি আমরা মনোযোগ দিই না বলেই অসুস্থ হয়ে যাই। সকালে অধিকাংশ শিক্ষার্থীরা ঘুমায়। এ সময় হাঁটাহাঁটির সুযোগ তারা নিতে চায় না। আমি সব হলে গিয়েছি, যেখানেও ছাত্র-ছাত্রীরা স্বাস্থ্য সচেতনতা মানে না। আমরা নিজেদের বিষয়ে সচেতন না হলে কোনো ডাক্তারই আমাদের সুস্থ্য করতে পারবে না। আমাদেরকে নিজেদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে।’
অনুষ্ঠানে রাকসু ও হল সংসদের নেতারা ছাড়াও প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।