ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ও বিশেষ নির্দেশনা প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) একযোগে দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্ধারিত ১৩৮টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবেশপত্র সংগ্রহ ও পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।
যাদের প্রাথমিক আবেদন নিশ্চিত করা হয়েছে, তারা আগামী ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বলে জানানো হয়েছে।
‘Applicant Login’ (Honours Login) অপশনে গিয়ে আবেদনকারীর আইডি ও পিন নম্বর ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
এ ছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তিতে বেশ কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে-
পরীক্ষার অন্তত তিন দিন আগে সংশ্লিষ্ট কলেজ বা কেন্দ্রের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীকে তার সিট প্ল্যান বা আসন বিন্যাস জেনে নিতে হবে। পরীক্ষা কেন্দ্রে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সাথে আনতে হবে। প্রবেশপত্রে বর্ণিত সকল নিয়ম ও সময় কঠোরভাবে অনুসরণ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্বাচিত কেন্দ্রগুলোর তালিকা, পরীক্ষার্থীদের হাজিরা শিট এবং অন্যান্য আনুষঙ্গিক নির্দেশনা পর্যায়ক্রমে বিজ্ঞপ্তির মাধ্যমে কলেজগুলোকে অবহিত করা হবে।