Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ২০:০৭

ঢাকা: বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ে নারীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল।

‘উইমেন ইন স্টেম’ এ কর্মসূচির আওতায় যুক্তরাজ্যে বাংলাদেশি নারী শিক্ষার্থীরা শীর্ষ বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে স্টেম সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদি মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি করার সুযোগ পাবেন। বিজ্ঞান ও উদ্ভাবনে নারীদের জন্য সুযোগ বৃদ্ধি করা এবং স্টেম খাতে আরও বৈচিত্র্যময় ও লিঙ্গ-প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

যুক্তরাজ্যের ৪৩টি শীর্ষ বিশ্ববিদ্যালয় এ কর্মসূচিতে যুক্ত হয়েছে এবং প্রায় ৫০০ জন বৃত্তি পেয়েছেন। এ বৃত্তি কর্মসূচি ব্রিটিশ কাউন্সিলের গোয়িং গ্লোবাল পার্টনারশিপস উদ্যোগের অংশ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রতিটি স্কলারশিপের ন্যূনতম আর্থিক মূল্য ৪০ হাজার পাউন্ড। সম্পূর্ণ অর্থায়নের আওতায় টিউশন ফি, থাকা-খাওয়ার ভাতা, ভ্রমণ ও ভিসা ব্যয়, স্বাস্থ্যসেবা ফি এবং ইংরেজি ভাষা সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞাপন

স্টেম বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য, যোগ্য দেশের তালিকা এবং এ কর্মসূচির আওতাভুক্ত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা জানতে ব্রিটিশ কাউন্সিলের গ্লোবাল ওয়েবসাইটে ভিজিট করা যাবে। বাংলাদেশে উপলব্ধ বৃত্তির বিস্তারিত জানতে ভিজিট করতে হবে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ওয়েবসাইট। ‘ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেম’র জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্বমানের বিজ্ঞান ও গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবেন। পাশাপাশি স্টেম খাতের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা এবং যুক্তরাজ্যের বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগও থাকবে। এ বছর বিশ্বব্যাপী মোট ৯০টি বৃত্তি দেওয়া হবে, যেখানে ৩০টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দক্ষিণ এশিয়ার জন্য বরাদ্দ ২৫টি বৃত্তির আওতায় এ অঞ্চলের শিক্ষার্থীরা যুক্তরাজ্যের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন।

 

 

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর