রাজশাহী: রাজশাহীতে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন বলেছেন, সারাদেশে এক প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।
শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় রাজশাহী শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘অনেকেই এক প্রশ্নে সব বোর্ডে পরীক্ষা হলে প্রশ্ন ফাঁসের আশঙ্কা করেন। প্রশ্ন ফাঁস হলে কারা করতে পারে, তা আমরা জানি। প্রশ্ন ফাঁস হলে এর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’
বোর্ডগুলোর মধ্যে প্রতিযোগিতা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘বোর্ডগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে। নিজদের বোর্ডের রেজাল্ট ভালো দেখাতে নৈতিকতা ঠিক রাখে না। আপনারা পারেন তো ১০০-এর ওপরে নম্বর দিতে চান। এগুলো বন্ধ করতে হবে।’
শিক্ষামন্ত্রী জানান, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শুধু পরীক্ষা কেন্দ্র নয়, শ্রেণিকক্ষকেও নজরদারির আওতায় আনা হবে।
পরীক্ষার খাতা মূল্যায়ন প্রসঙ্গে তিনি জানান, অনেক পরীক্ষক নিজে খাতা না দেখে ‘হেলপার’ দিয়ে খাতা দেখান। এ কারণে খাতা মূল্যায়নের মান যাচাই করতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
ডিজিটাল নকলের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এখন নকলের ধরন পরিবর্তন হয়ে ডিজিটাল হয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ নকল চক্র থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মান উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের সন্তানরা সাধারণত ঢাকায় পড়াশোনা করে। তবে স্থানীয় প্রতিষ্ঠানের মান বাড়াতে জেলায় কর্মরত কর্মকর্তাদের সন্তানদের জিলা স্কুলে পড়ার বাধ্যবাধকতা থাকা উচিত।’
সভায় বিভাগীয় কমিশনার, সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।