ইবি: চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপর ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এক মিছিল বের করে সংগঠনটি। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মিলিত হয়। পরে তারা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় সংগঠনটির শাখা আহ্বায়ক শাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, বর্তমান যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব ও আনারুল ইসলাম, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দিনসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
মিছিলে তারা ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘গুপ্ত শিবিরের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশান’, ‘শিবিরের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘জমায়াত-শিবির, গুপ্ত গুপ্ত’, ‘লীগ গেছে যে পথে, শিবির যাবে সেই পথে’, ‘গুপ্তদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শিক্ষা-শিবির, একসাথে চলে না’, ‘শিক্ষা-গুপ্ত, একসাথে চলে না’, ‘গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান’, ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, ‘৫ আগষ্টের পর থেকেই অনলাইনে এই গুপ্ত বাহিনী সাধারণ শিক্ষার্থী নাম করে নানাভাবে অনলাইনে আমাদের সম্মানহানির চেষ্টা করে যাচ্ছে। তারা সুশীল সেজে বিভিন্নভাবে মব সৃষ্টি করে, আমাদের কটাক্ষ করে এবং ছোটো করে কথা বলে। খোদার কসম করে বলছি, আজ এই মুহূর্ত থেকে যারা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করবে, ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে কটাক্ষ করবে, তাদেরকে শায়েস্তা করব, করব, করব এবং করব। পৃথিবীর কোনো শক্তি নেই তাদের বাঁচাবে। মাননীয় আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও উদ্দেশ্য করে বলতে চাই, এই বট বাহিনীর বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, ছাত্রদল ব্যবস্থা নেবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের গুপ্তদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। শিবিরের ভাইদের বলব, আপনারা ওপেন রাজনীতি করেন। আপনারা গুপ্তের মতো আর রাজনীতি করবেন না। যারা বিশ্ববিদ্যালয়ে গুপ্ত পরিচয়ে নাম-বেনামে বিভিন্ন সংগঠনের সভাপতি-সেক্রেটারি হয়েছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা সতর্ক হয়ে যান। আমি প্রক্টর স্যারকে চিঠি দিয়েছি, ভিসি স্যারকে জানিয়েছি। আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রীকে উলটাপালটা মন্তব্য যারা করে, তাদের বিরুদ্ধে আপনারা যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন, কালকে সন্ধ্যা থেকে ছাত্রদল ব্যবস্থা নেবে।’