Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ফরম পূরণ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৩:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: স্নাতক পর্যায়ের অ্যাকাডেমিক কার্যক্রম গতিশীল করতে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের দিনক্ষণ চূড়ান্ত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মে) থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে, যা আগামী ১১ জুন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিয়মিত শিক্ষার্থীদের বাইরেও গত কয়েকটি শিক্ষাবর্ষের অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষার্থীরাও এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন। বিশেষ করে যারা বিগত বছরগুলোতে আশানুরূপ ফল করতে পারেননি বা প্রমোশন পেলেও কোনো বিষয়ে অকৃতকার্য হয়ে আছেন, তাদের জন্য এটি শিক্ষা জীবনের বড় একটি সুযোগ হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়সীমার মধ্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পোর্টালে লগইন করে বিষয় কোড ও ব্যক্তিগত তথ্য দিয়ে ফরমটি ডাউনলোড করতে হবে। ডাউনলোডকৃত ফরমের কপিটি নিয়ে নিজ নিজ কলেজের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কলেজগুলো শিক্ষার্থীদের আবেদনপত্র যাচাই করার জন্য ১৪ মে থেকে ১৫ জুন পর্যন্ত সময় পাবে। আবেদন পরবর্তী সোনালী ব্যাংকের মাধ্যমে নির্ধারিত ফি জমা দেওয়ার জন্য ১৭ ও ১৮ জুন তারিখ ধার্য করা হয়েছে। এবার ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পাঁচ হাজার টাকা বিশেষ ফি দিয়ে পরীক্ষার সুযোগ রাখা হয়েছে, তবে তারা অকৃতকার্য হলে পুনরায় আর এই সুযোগ পাবেন না। এছাড়া যারা গত বছর উত্তীর্ণ হয়েও দু-একটি বিষয়ে সি বা ডি গ্রেড পেয়েছেন, তারা সর্বোচ্চ দুটি পত্রে মান উন্নয়নের আবেদন করতে পারবেন।

পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের শতভাগ নির্ভুল তথ্য প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে রেজিস্ট্রেশন কার্ডের সাথে মিলিয়ে বিষয় কোড এবং ব্যবহারিক কোর্সের তথ্য যাচাই করা বাধ্যতামূলক, কারণ বিষয় কোড ভুল হলে আবেদনটি সরাসরি বাতিল হিসেবে গণ্য হতে পারে। এছাড়া ফরমে কোনো ত্রুটি দেখা দিলে নিজ কলেজের মাধ্যমে তা অতিদ্রুত বাতিল করে পুনরায় আবেদনের সুযোগও রাখা হয়েছে। প্রবেশপত্র ইস্যু হওয়ার আগেই যদি কোনো সংশোধনী থাকে তা সেরে নেওয়ার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষা শুরুর সুনির্দিষ্ট তারিখ ও কেন্দ্র তালিকা খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর