ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে প্রকাশিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির এ-সম্পর্কিত প্রজ্ঞাপনের আলোকে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, সারাদেশের ব্যাংকগুলোতে কোনো কার্যক্রম পরিচালিত হবে না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।
বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ সময়ে ব্যাংকের শাখা, উপশাখা ও অফিসসমূহে কোনো ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে না। তবে এটিএম, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রচলিত নিয়ম অনুযায়ী চালু থাকবে।