ঢাকা: নিলামের মাধ্যমে ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের ৩ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়।
বন্ডটির ইস্যু তারিখ ৭ জানুয়ারি ২০২৬ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ৭ জানুয়ারি ২০২৯। এ বন্ডের কুপন হার ১০ দশমিক ৬৭ শতাংশ।এ উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে নিলাম অনুষ্ঠিত হবে।
নিলামটি প্রাইজ-ভিত্তিক হবে এবং এতে কেবল প্রাইমারি ডিলার ব্যাংকসমূহ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। তবে, অন্যান্য ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি তাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের পক্ষে প্রাইমারি ডিলারদের মাধ্যমে বিড দাখিলের সুযোগ পাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব থাকা আবশ্যক নয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বন্ড ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত মূল্য ও পরিমাণ উল্লেখ করে ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের স্থাপিত প্ল্যাটফর্মের মাধ্যমে বিড দাখিল করতে হবে।
তবে বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে পূর্বে অনুসৃত ম্যানুয়াল পদ্ধতিতে (সিল করা খামে) বিড দাখিলের সুযোগ রাখা হয়েছে।
নিলামে অংশগ্রহণের বিস্তারিত পদ্ধতিগত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।