Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৪

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। 

ঢাকা: ঋণ দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের পরিশোধ সক্ষমতা যাচাই করে অর্থায়ন নিশ্চিত করা এবং খেলাপি ঋণ আদায়ে আরও কঠোর ও সাহসী ভূমিকা নেওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকগুলোকে অবশ্যই ঋণগ্রহীতার প্রকৃত আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে। একইসঙ্গে খেলাপি ঋণ আদায়ে কোনো ধরনের দ্বিধা না রেখে দৃঢ় ও সাহসী সিদ্ধান্ত নিতে হবে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রফতানি খাতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে পারলে বৈদেশিক খাত আরও সুদৃঢ় হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকগুলো যেন কেবল বড় ব্যবসায়ীদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। অনুৎপাদনশীল খাত হলেও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বিবেচনায় এসএমই খাতে ঋণ বিতরণের হার বাড়ানোর ওপর জোর দেন গভর্নর।

অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক সরকারের অধীনে কাজ করা চ্যালেঞ্জিং হলেও পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক করেছে, তবে সামনে আরও কঠিন সময় আসতে পারে— সে জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতা উপেক্ষা করার সুযোগ নেই। তাই সম্মিলিতভাবে কাজ করে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও নিয়মনীতি অনুসরণ নিশ্চিত করতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই ও মাঝারি শিল্প খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এসব খাতকে এগিয়ে নিতে ব্যাংকগুলোর দায়িত্ব আরও বেশি।

বিজ্ঞাপন

আজ নির্ধারণ হচ্ছে এলপিজির নতুন দাম
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর