উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করলো বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটন। ইউরোপের ৫০ বছরেরও বেশি ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত এসিসি (ACC) ব্র্যান্ডের ‘কাপ্পা’ সিরিজের উচ্চ কার্যক্ষমতার, টেকসই ও পরিবেশবান্ধব কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন।
শনিবার (৩১ জানুয়ারি) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে অবস্থিত দেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এস এম মাহবুবুল আলম বলেন, ‘এসিসি’র কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটন তথা বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক এবং গর্বের বিষয়। স্মার্ট ডিজাইন, দীর্ঘস্থায়িত্ব ও শ্রেষ্ঠ কার্যক্ষমতার নিখুঁত সমন্বয়ে তৈরি এই কম্প্রেসর ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের আরেকটি অসাধারণ সাফল্য।’
তিনি আরও বলেন, বাংলাদেশের হাই-টেক শিল্পখাতে কম্প্রেসর একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। এর বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে। ওয়ালটনের লক্ষ্য দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্ববাজারে শীর্ষ কম্প্রেসর রপ্তানিকারক হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করা। ইতোমধ্যে ওয়ালটনের উৎপাদিত কম্প্রেসর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে।
অনুষ্ঠানে ওয়ালটন কম্প্রেসরের চিফ বিজনেস অফিসার এস এম আলমাস রহমান বলেন, ‘কাপ্পা কম্প্রেসরে কমপ্যাক্ট ডিজাইন, উচ্চ কার্যদক্ষতা, দীর্ঘস্থায়িত্ব ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের এক অনন্য সমন্বয় রয়েছে। ছোট ও সুবিন্যস্ত নকশার কারণে এটি রেফ্রিজারেটরের ভেতরের মূল্যবান জায়গা সাশ্রয় করে এবং একই সঙ্গে বিস্তৃত কুলিং ক্যাপাসিটি নিশ্চিত করে।’
তিনি জানান, কাপ্পা কম্প্রেসরের কো-এফিশিয়েন্ট অব পারফরম্যান্স (COP) ২.১৫-এর বেশি, যা সহজেই ৫-স্টার এনার্জি এফিসিয়েন্সির মানদণ্ড পূরণ করতে সক্ষম। এছাড়া এটি ৮৫ ভোল্ট থেকে ৩০০ ভোল্ট পর্যন্ত ওয়াইড ভোল্টেজ রেঞ্জে কার্যকরভাবে কাজ করতে পারে। ফলে অতিরিক্ত স্ট্যাবিলাইজারের প্রয়োজন ছাড়াই প্রতিকূল পরিবেশ ও ভোল্টেজ ওঠানামাপ্রবণ এলাকাতেও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত হয়। এর আল্ট্রা লো নয়েজ প্রযুক্তি গ্রাহকের স্বাচ্ছন্দ্য বাড়ায়।
জানা গেছে, ওয়ালটন দেশের একমাত্র কম্প্রেসর উৎপাদন শিল্প স্থাপন করায় বাংলাদেশ এশিয়ার অষ্টম এবং বিশ্বের ১৫তম কম্প্রেসর উৎপাদনকারী দেশের তালিকায় স্থান পেয়েছে। ওয়ালটনের কম্প্রেসর কারখানায় আন্তর্জাতিক মানের মাননিয়ন্ত্রণ পরীক্ষাগার, অত্যাধুনিক প্রযুক্তির ল্যাব সরঞ্জাম ও মেশিনারিজ রয়েছে। উৎপাদনের প্রতিটি ধাপে ‘জিরো টলারেন্স’ মাননিয়ন্ত্রণ নীতি অনুসরণ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৭ সালে কম্প্রেসরের বাণিজ্যিক উৎপাদন শুরুর মাত্র দুই বছরের মধ্যেই ইউরোপে রপ্তানি কার্যক্রম শুরু করে ওয়ালটন। পরবর্তীতে ২০২২ সালে ইউরোপের ঐতিহ্যবাহী ইতালিয়ান ব্র্যান্ড এসিসি’র কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, প্রযুক্তি ও মেধাস্বত্ব অধিগ্রহণ করে প্রতিষ্ঠানটি।