ঢাকা: পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারাদেশে ২০ দিনব্যাপী ট্রাকে করে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি (ট্রাকসেল) কার্যক্রম শুরু করছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।
এর আগে, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, রোজার মাসে ভোক্তাদের স্বস্তি দিতে নিয়মিত পণ্য সয়াবিন তেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি এবার ছোলা ও খেজুরও বিক্রি করা হবে। ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি স্মার্ট পরিবার কার্ডধারীদের জন্য নির্ধারিত ডিলারের মাধ্যমেও টিসিবির পণ্য সরবরাহ অব্যাহত থাকবে।
টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১৫ টাকা), ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা), ১ কেজি চিনি (প্রতি কেজি ৮০ টাকা), ১ কেজি ছোলা (প্রতি কেজি ৬০ টাকা) ও ৫০০ গ্রাম খেজুর (প্রতি কেজি ১৬০ টাকা)।
টিসিবি জানায়, সারাদেশে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাক (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতিত) প্রতিদিন নিম্নআয়ের মানুষের জন্য পণ্য বিক্রি করবে। প্রতিটি ট্রাকে ৪০০ জন ক্রেতার জন্য পণ্য বরাদ্দ থাকবে।

এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩৫ লাখ ভোক্তার কাছে মোট ২৩ হাজার টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।
মহানগরভিত্তিক ট্রাকের সংখ্যা
ঢাকা মেট্রোপলিটন এলাকা: প্রতিদিন ৫০টি স্থানে
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা: ২০টি স্থানে
অন্য ৭টি মেট্রোপলিটন এলাকা: প্রতিটিতে ১৫টি করে
বাকি ৫৫ জেলা: প্রতিটি জেলায় ৫টি করে ট্রাক
টিসিবি জানায়, সারাদেশে বর্তমানে ৬৬ লাখ স্মার্ট পরিবার কার্ড সক্রিয় রয়েছে। ফেব্রুয়ারি মাসে কার্ডধারীদের কাছে প্রায় ৪০ হাজার ৩০০ টন এবং মার্চ মাসে প্রায় ৩৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে।
রমজান ঘিরে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং নিম্ন ও মধ্যআয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতেই টিসিবির এ উদ্যোগ নেওয়া হয়েছে।