ঢাকা: রাষ্ট্রমালিকানাধীন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পাচ্ছেন নাবিল মুস্তাফিজুর রহমান।
বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)–এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রোববার (১৫ ফেব্রুয়ারি) সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়ে নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগের বিষয়ে সরকারের সম্মতির কথা জানিয়েছে। যোগদানের তারিখ থেকে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন তিনি।
চিঠিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী নিয়োগ–সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুঠোফোনে বলেন, বিষয়টি শিগগিরই পর্ষদ সভায় উপস্থাপন করা হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি (এনওসি) নিয়ে নাবিল মুস্তাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে এমডি পদে নিয়োগ দেওয়া হবে। পুরো প্রক্রিয়ায় প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ডিগ্রি অর্জনকারী নাবিল মুস্তাফিজুর রহমানের ব্যাংকিং খাতে অভিজ্ঞতা ৩১ বছরের। ইউসিবিতে এএমডি হিসেবে তিনি ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং ও ট্রানজেকশন ব্যাংকিংয়ের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং এর বাংলাদেশের কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবে কাজ করেছেন।
উল্লেখ্য, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা, আর বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে।