ঢাকা: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) নব-নির্বাচিত সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকর ও দ্রুত বাস্তবায়নযোগ্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই নব-নির্বাচিত সরকারকে অভিনন্দন জানান।
বিজ্ঞপ্তিতে জানায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে (বিএনপি) শুভেচ্ছা। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিকে নির্বাচিত করেছে। নব-নির্বাচিত সরকার যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করে সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কারোপ এবং দেশের অভ্যন্তরীণ নানামুখী সংকটের প্রভাবে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রবাহে উল্লেখযোগ্য অগ্রগতি নেই এবং রফতানিমুখী খাতও কাঙ্ক্ষিত গতি পাচ্ছে না।
ডিসিসিআই আরও জানায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত। এর ফলে প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান কমে গেছে এবং সামগ্রিক উৎপাদন ইকোসিস্টেম বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে অনেক উদ্যোক্তার জন্য ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
এ ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বন্দর ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা, এনবিআর সংস্কার কার্যক্রমে অচলাবস্থা, শিল্পখাতে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, উচ্চ সুদের হার, সংকোচনমুখী মুদ্রানীতি এবং ঋণ প্রাপ্তির দীর্ঘসূত্রিতার মতো সমস্যাগুলো বেসরকারি খাতের অগ্রগতিকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে বলে উল্লেখ করা হয়।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্বার্থে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকার বিকল্প নেই বলে মনে করে। দেশের শিল্প ও বাণিজ্যখাতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে সামগ্রিক অর্থনীতিকে গতিশীল করতে নব-নির্বাচিত সরকারের প্রতি জোরালো আবেদন জানিয়েছে সংগঠনটি।