Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যোগদান করছেন না সম্মিলিত ইসলামী ব্যাংকের নবনিযুক্ত এমডি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১২

নাবিল মুস্তাফিজুর রহমান। ছবি সংগৃহীত

ঢাকা: নিয়োগ পাওয়ার মাত্র দুই দিনের মাথায় দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মনোনীত নাবিল মুস্তাফিজুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে তিনি একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে এ সিদ্ধান্তের কথা জানান।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিঠিতে নাবিল মুস্তাফিজুর রহমান উল্লেখ করেছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি এমডি ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারছেন না। তবে এ পদে তাকে বিবেচনা করায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি, অর্থ মন্ত্রণালয়ের সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানের কাছে চিঠির মাধ্যমে নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগে সরকারের সম্মতির কথা জানায়। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ছিল।

বর্তমানে নাবিল মুস্তাফিজুর রহমানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে ব্যাংকিং খাতে কাজ করার অভিজ্ঞতার কারণে নতুন এই ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় তাকে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে দেশের পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে। এসব ব্যাংক হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের সমন্বয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক।

ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকার বিনিয়োগ করেছে ২০ হাজার কোটি টাকা, আর অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে।

নিয়োগপ্রাপ্ত এমডির এমন আকস্মিক সিদ্ধান্ত নতুন এই ব্যাংকের ব্যবস্থাপনা কাঠামো ও পরবর্তী নেতৃত্ব নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

বিজ্ঞাপন

এন্ড্রয়েডের যে সুবিধা আইফোনেও নেই
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর