Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঁচাপাট রফতানিকারকদের জন্য পুনঃ তফসিল আবেদনের সময় বাড়াল

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩১

ঢাকা: শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচাপাট রফতানিকারকদের দীর্ঘদিনের সমস্যার প্রেক্ষিতে ঋণ পুনঃ তফসিল সুবিধা গ্রহণের সময়সীমা আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত একটি নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলা‌দেশ ব্যাং‌কের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থে‌কে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়, এর আগে বিআরপিডি সার্কুলার লেটার নম্বর-২৭ (৭ জুলাই ২০২২) এবং বিআরপিডি সার্কুলার লেটার নম্বর-২১ (১৩ অক্টোবর ২০২৫)-এর আলোকে কাঁচাপাট রফতানিকারকদের ঋণ বা বিনিয়োগ হিসাব পুনঃ তফসিলিকরণের সুযোগ দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে বিদ্যমান ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে আবেদন করার সময়সীমা নির্ধারণ করা ছিল।

বিজ্ঞাপন

তবে সাম্প্রতিক সময়ে কাঁচাপাট রফতানিতে জটিলতা, আন্তর্জাতিক বাজারে চাহিদার ওঠানামা, মূল্য অস্থিরতা এবং লজিস্টিক সমস্যার কারণে অনেক রফতনিকারক নির্ধারিত সময়ের মধ্যে ডাউন পেমেন্ট পরিশোধ ও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেননি। ফলে তারা পুনঃ তফসিল সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েন।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক নতুন করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, কাঁচাপাট রফতানিকারকরা এখন ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভিত্তিক শ্রেণিকৃত ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের কাছে পুনঃ তফসিলের আবেদন করতে পারবেন।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সময়সীমা বৃদ্ধির বাইরে পূর্বে জারি করা সার্কুলার লেটারগুলোতে বর্ণিত অন্যান্য সব শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কাঁচাপাট রফতানিকারকদের জন্য স্বস্তির খবর। এতে করে খেলাপি ঋণের চাপ কিছুটা কমবে এবং ঐতিহ্যবাহী কাঁচাপাট রফতানি খাত ঘুরে দাঁড়ানোর বাড়তি সুযোগ পাবে। পাশাপাশি ব্যাংকিং খাতেও ঋণ আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর