ঢাকা: আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চলমান ব্যাংকিং সংস্কার কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খেলাপি ঋণ হ্রাস এবং একীভূত ব্যাংকগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সমন্বয় আরও জোরদার করবে অর্থ মন্ত্রণালয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর।
গভর্নর জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণ, সুদের হার ব্যবস্থাপনায় সমন্বয় এবং মুদ্রানীতিতে কড়াকড়ি আরোপের মাধ্যমে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘ইনফ্লেশন তো কমাতেই হবে-এ নিয়ে কোনো দ্বিমত নেই।’
তিনি আরও বলেন, খেলাপি ঋণ কমানোর বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদার, ঋণ পুনর্গঠন নীতিমালা কঠোর করা, ইচ্ছাকৃত খেলাপিদের চিহ্নিত করা এবং ব্যাংকগুলোর ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
গভর্নরের ভাষ্য, নেওয়া পদক্ষেপগুলো ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে। একই সঙ্গে অর্থনীতিতে ঋণপ্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তা দেওয়া হচ্ছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকসহ একীভূত পাঁচ ব্যাংকের বিষয়েও আলোচনা হয়েছে। গভর্নর বলেন, একীভূত হওয়ার পর এসব ব্যাংককে স্থিতিশীল রাখা এখন প্রধান লক্ষ্য। সংশ্লিষ্ট ব্যাংকের আমানত পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি করছে। পুরোনো আমানতকারীরা টাকা পাচ্ছেন এবং নতুন আমানতও আসছে।
নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়া চলছিল, তবে সম্ভাব্য প্রার্থী অসুস্থ হয়ে পড়ায় প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছে। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসক ও পরিচালনা পর্ষদ সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে। প্রয়োজনে বোর্ডের মেয়াদ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে- বলেন আহসান এইচ মনসুর।
পূর্ববর্তী সরকারের আমলে ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারি, অর্থ পাচার, রাজনৈতিক প্রভাব এবং তদারকির দুর্বলতা নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। এ প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার ব্যাংক একীভূতকরণ, পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নজরদারি জোরদার ও তারল্য সহায়তাসহ একাধিক পদক্ষেপ নেয়।
নতুন সরকারের সামনে এখন চ্যালেঞ্জ- এই সংস্কার কার্যক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে আর্থিক খাতে আস্থা পুনর্গঠন।