ঢাকা: ব্যাংক খাতে তদারকি জোরদার ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে তফসিলি ব্যাংকগুলোর জন্য ‘অন্তর্বর্তীকালীন প্রতিবেদন’ দাখিল বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার(২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা সার্কুলার লেটার অনুযায়ী, সব তফসিলি ব্যাংককে নিরীক্ষা বছরের নবম মাসভিত্তিক অন্তর্বর্তীকালীন প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, ‘ব্যাংক-কোম্পানী বহিঃ নিরীক্ষণ বিধিমালা, ২০২৪’ অনুযায়ী, নিরীক্ষা বছরের নবম মাস শেষে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রস্তুত বাধ্যতামূলক;
এ প্রতিবেদন নিরীক্ষা বছরের শেষ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে; এবং
২০২৫ সাল ভিত্তিক এবং পরবর্তী সব অন্তর্বর্তীকালীন প্রতিবেদন সংশ্লিষ্ট সুপারভিশন বিভাগে জমা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে রিস্ক বেইজড সুপারভিশন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, যা ব্যাংকিং খাতের ঝুঁকি মূল্যায়ন ও তদারকি আরও আধুনিক ও কার্যকর করবে। এই নতুন কাঠামোর আওতায় সময়মতো সঠিক তথ্য পাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল নিশ্চিত করতে হবে। এতে ব্যত্যয় ঘটলে তদারকি কার্যক্রমে প্রভাব পড়তে পারে।