Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিজারের বিল পরিশোধ করতে না পারায় বাচ্চা বিক্রির চাপ চিকিৎসকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৭:৫৪

মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

নীলফামারী: নীলফামারীর ডোমারের একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের পর বিল পরিশোধ করতে না পারায় বাচ্চা বিক্রির জন্য স্বজনদের ওপর চাপ দেওয়ার অভিযোগ উঠেছে ডা. ফারজানা আফরিনের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ অভিযোগের প্রেক্ষিতে ‘মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ডোমার উপজেলা প্রশাসন।

ভুক্তভোগী ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি এলাকার কৃষক রাকিবুল হাসানের স্ত্রী হাবিবা সুলতানা। গত শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে তিনি ভর্তি হন ডোমার উপজেলা পরিষদ মার্কেটের মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। অপারেশন শেষে রিলিজ নেওয়ার সময় ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় তাদের বাচ্চা বিক্রির জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

বিজ্ঞাপন

রাকিবুল হাসান ও হাবিবা সুলতানা দম্পতির দাবি, ভর্তির সময় ক্লিনিক কর্তৃপক্ষ ২২ হাজার টাকা দাবি করেছিল। কিন্তু সিজারের পর অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে না পারায় তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়।

তারা অভিযোগ করেন, ক্লিনিকটির চিকিৎসক ডা. ফারজানা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে টাকা না দেওয়ায় প্রসূতি রোগী ও তার স্বজনদের একটি রুমে আটকে রাখা হয়। পাশাপাশি রোগীর ওষুধও বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠে।

ভুক্তভোগীরা আরও জানান, টাকা দিতে না পারায় তাদের বাচ্চা বিক্রি করে সেই টাকা পরিশোধ করতে বলা হয়। ক্লিনিকের লোকজনের মাধ্যমে গত দুইদিন ধরে ৩-৪ জন লোক ক্লিনিকে আসছিল। তারা ৩০ হাজার টাকা পর্যন্ত দাম প্রস্তাব করে। পরিকল্পনা ছিল, সেই টাকা থেকে ২০ হাজার টাকা ডাক্তার রেখে বাকি ১০ হাজার টাকা রোগীর পরিবারকে দিয়ে বাচ্চা হস্তান্তর করা হবে।

স্থানীয়রা অভিযোগ করেন, ক্লিনিকটিতে প্রায়ই রোগীদের সঙ্গে খারাপ আচরণ করা হয়।

অভিযোগের বিষয়ে ক্লিনিকটির চিকিৎসক ডা. ফারজানা বলেন, ‘বাচ্চা বিক্রি করতে বলেছি এটা সত্য নয়। নির্ধারিত সময়ে রোগী রিলিজ নিতে পারছিল না, তাই বিল পরিশোধের জন্য বলা হয়েছে।’

অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ক্লিনিকটি পরিদর্শন শেষে মেডিকেল অফিসার ডা. সোহান চৌধুরী জানান, বাচ্চা বিক্রিতে চাপ দেওয়ার অভিযোগ পাওয়ার পরই তারা দ্রুত তদন্তে নামেন। তদন্তকালে বাচ্চা বিক্রির অভিযোগসহ আরও কিছু অসংগতি চিহ্নিত হয়েছে। এসব বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করে একটি প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে, যা ইউএনওর কাছে জমা দেওয়া হবে।

এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, ‘তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পাশাপাশি ক্লিনিকটিতে দায়িত্বে অবহেলা, পর্যাপ্ত জনবলের অভাব এবং দায়িত্বরত চিকিৎসক না থাকার মতো বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। এসব অনিয়মের জন্য ক্লিনিকটিকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে, এই অমানবিক ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা ক্লিনিকটি বন্ধ করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায়।