Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় হামের উপসর্গ নিয়ে এক সপ্তাহে হাসপাতালে ১৭ শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৩:৪৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৪:০১

মোংলায় হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা।

বাগেরহাট: বাগেরহাটের মোংলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে ১৭ জন শিশু হাসপাতালে এসেছে। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে এক শিশু ভর্তি রয়েছে। বাকি দুইজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে। সম্ভাব্য আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মোংলা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, ‘জ্বর, কাশি, সর্দি ও চাকা ওঠার মত উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি শরীরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সচেতনতাই পারে হামের ঝুঁকি কমাতে। জ্বর ও চাকা ওঠার সঙ্গে সঙ্গেই হাসপাতালে আসতে হবে। আক্রান্ত রোগীদের বেশি করে তরল খাবার খাওয়াতে হবে। রোগীদের ছায়াযুক্ত ঠান্ডা স্থান রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘যাদের বয়স ২ বছর হয়ে গেছে, তাদেরকে হাসপাতালসহ নিকটতম কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নেওয়ার সুযোগ রয়েছে।’

হামের উপসর্গ নিয়ে আসা ১৭ জনের মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে।

অন্যদিকে, সেবার মান পর্যবেক্ষণে বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় বাগেরহাট জেলা সিভিল সার্জন এএসএম মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু এবং রামপাল সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব এম. এ. সবুর রানা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেবার মান বাড়াতে সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা জানান।