Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে শিশুদের মৃত্যু হচ্ছে: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৫:০৯

কথা বলছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের আমলে স্বাস্থ্যখাতে গাফিলতির কারণে শিশুদের মৃত্যু হচ্ছে এবং এটি এ খাতের চরম অবনতি নির্দেশ করছে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত এক র‍্যালিতে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘যে কোনো মহামারি মোকাবিলা করার জন্য স্বাস্থ্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ ও উপকরণসহ দ্রুততম সময়ে জনগণের কাছে পৌঁছানো উচিত।’

তিনি বর্তমান নির্বাচিত সরকারকে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত সমস্যাগুলো সমাধানের আহ্বান জানান।

বিজ্ঞাপন

রিজভী সতর্ক করে বলেন, ‘গত ১৫ বছর জনস্বাস্থ্যকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও স্বাস্থ্য খাত চরম অবহেলার শিকার হয়েছে।’

তার অভিযোগ, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কিছুটা অথর্বতার কারণেই এই সেক্টরে সঠিক নজর দেওয়া হয়নি।’

বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সাতজন শিশুর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ‘কুসংস্কার, টিকাবিরোধী অপপ্রচার এবং উদাসীনতার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত পদক্ষেপ না নেওয়ার ফলেই আজকে এত প্রাণহানি ঘটছে।’

তার মতে, জনগণের নির্বাচিত সরকারকে এখন অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে যেন মানুষ সরাসরি সুফল পায়।

এ ছাড়াও, তিনি মেডিকেল রিসার্চ কাউন্সিলের গবেষণার জন্য বরাদ্দকৃত অর্থের সীমাবদ্ধতা নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, ‘গবেষণার জন্য ৩ থেকে ৫ লাখ টাকার সীমাবদ্ধতা থাকা উচিত নয় এবং বিজ্ঞানের উন্নতির জন্য রাষ্ট্রকে অকাতরে দান করতে হবে।’

র‍্যালিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর