Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম, ক্ষুব্ধ অতিরিক্ত মহাপরিচালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৮:২০

হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. জাহিদ হোসেন।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে চিকিৎসা সরঞ্জাম ব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. জাহিদ হোসেন। হাসপাতালের বিভিন্ন বিভাগে কোটি টাকার যন্ত্রপাতি অকেজো ও অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

বুধবার (২৪ জুন) সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি, মেডিসিন, এমআরআই, সিটি স্ক্যান ও আল্ট্রাসনোগ্রাফি বিভাগ পরিদর্শন করেন ডা. জাহিদ হোসেন।

এ সময় বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ফলে রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রকল্পের আওতায় যন্ত্রপাতি কেনাকাটার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘এখানে যন্ত্রপাতি কেনাকাটায় শতভাগ অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে কেনা অধিকাংশ যন্ত্রপাতিই ব্যবহার না হয়ে অকেজো অবস্থায় পড়ে আছে। এতে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালের নষ্ট যন্ত্রপাতিগুলো দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, টেকনোলজিস্ট ও অন্যান্য জনবল বাড়ানোর বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’

পরে দুপুরে তিনি মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে প্যাথলজি বিভাগের রক্ত পরীক্ষার জন্য কেনা একটি পিভিসি মেশিন বাক্সবন্দি অবস্থায় পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার না হওয়াকে তিনি ‘দায়িত্বহীনতার পরিচয়’ বলে উল্লেখ করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর