ঢাকা: বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুত বিতরণ সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)-এর আরও ২০টি অঞ্চলের বিদ্যুত বিল দেওয়া যাবে নগদের মাধ্যমে। দেশের ২৪টি জেলার ২৯টি পল্লী বিদ্যুত সমিতির গ্রাহকেরা নগদের মাধ্যমে বিদ্যুত বিল দিতে পারবেন। নতুন এই সমিতিগুলো যুক্ত হওয়ায় দেশের পল্লী বিদ্যুত সমিতির অর্ধেকের বেশি গ্রাহক নগদের মাধ্যমে তাদের বিদ্যুত বিল দিতে পারবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রত্যেক গ্রাহক অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। সে জন্য অ্যাপে ‘বিল পে’ ট্যাবে গিয়ে ‘ইলেকট্রিসিটি’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর ‘আরইবি পোস্টপেইড’ নির্বাচন করে বিল দেওয়া যাবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) পোস্টপেইড বিল দেওয়া যাবে নগদ অ্যাপ ব্যবহার করে।
নতুন পল্লী বিদ্যুত সমিতিগুলো হলো- ফেনী, কুমিল্লা-১, কুমিল্লা-২, কুমিল্লা-৪, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফরিদপুর, বরিশাল-২, ভোলা, ঢাকা-১, ঢাকা-৩, ঢাকা-৪, নারায়ণগঞ্জ-১, গাজীপুর-১, ময়মনসিংহ-১, সুনামগঞ্জ, যশোর-১, ঝালকাঠি ও কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।
বাংলাদেশের ৮০ ভাগ বিদ্যুত গ্রাহক আছেন আরইবি’র অধীনে। আর দেশের ৮ কোটির বেশি গ্রাহক আছেন নগদে। এই দুটি প্রতিষ্ঠান ২০২৩ সালে চুক্তির মাধ্যমে গ্রাহকের জীবন আরো বেশি স্বাচ্ছন্দ্যময় করতে কাজ করছে। নতুন যুক্ত হওয়া সমিতিগুলোর গ্রাহকেরাও এখন থেকে নগদের পল্লী বিদ্যুত বিল সেবা দিতে পারবেন মুহূর্তেই।
নগদের মাধ্যমে দেওয়া যাবে পল্লী বিদ্যুতের বিল
স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৪
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৪
সারাবাংলা/এনএল/এসএস