Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের সাবেক আইএসআই প্রধান ফয়েজ হামিদের ১৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫ ১০:০৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৩:১৩

পাকিস্তানের সাবেক আইএসআই প্রধান ফয়েজ হামিদ।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ফয়েজ হামিদকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানানো হয়।

ফয়েজ হামিদ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত আইএসআইয়ের মহাপরিচালক ছিলেন। সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান, যিনি বর্তমানে কারাগারে। ফয়েজ হামিদকে ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হতো এবং তাঁর আমলেই তিনি আইএসআইয়ের প্রধান হন।

বিজ্ঞাপন

২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর নির্ধারিত সময়ের আগেই অবসরে যান ফয়েজ হামিদ।

পাকিস্তানের ক্ষমতার কাঠামোয় সেনাপ্রধানের পর আইএসআই প্রধানকে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে ধরা হয়ে থাকে। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো সাবেক আইএসআই প্রধানকে সামরিক আদালতে বিচার ও দণ্ড দেওয়া হলো।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ২০২৪ সালের ১২ আগস্ট বিচার কার্যক্রম শুরু হয় এবং বিগত ১৫ মাস পাকিস্তানের সামরিক আইনের আওতায় এ বিচার চলে।

ফয়েজ হামিদের আইনজীবী মিয়া আলী আশফাক জানিয়েছেন, তাঁর মক্কেল ‘এক হাজার শতাংশ নির্দোষ’। তিনি আরও বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর