প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের বিষয়ে পরিচালিত একটি সংসদীয় তদন্তে সাক্ষ্য দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ক্লিনটন দম্পতির একজন কর্মী এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।
ক্লিনটন দম্পতির এই সিদ্ধান্তের ফলে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে তাদের বিরুদ্ধে আনা ‘অবমাননার প্রস্তাব’ এড়ানো সম্ভব হতে পারে। এই প্রস্তাব পাস হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের পথ প্রশস্ত হতো।
প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন রয়টার্সকে জানান, অবমাননা প্রস্তাবটি স্থগিত করা হবে কি না, তা নিয়ে আইনজীবীরা বর্তমানে খুঁটিনাটি যাচাই করছেন। এর আগে তিনি ক্লিনটন দম্পতির সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন।
পটভূমি ও বিতর্ক গত সপ্তাহে হাউজ ওভারসাইট কমিটি ক্লিনটন দম্পতির বিরুদ্ধে আদালত অবমাননার সুপারিশ করেছিল, কারণ তারা এপস্টাইনের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে সশরীরে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ক্লিনটনরা আগে তদন্তে সহযোগিতার প্রস্তাব দিলেও সরাসরি উপস্থিত হতে রাজি হননি। তাদের দাবি ছিল, এই তদন্তটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুরক্ষা দেওয়ার একটি অপচেষ্টা মাত্র।
ক্লিনটন দম্পতির ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল ইউরিনা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘তারা শপথ নিয়ে তাদের জানা তথ্যগুলো জানাবেন। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত হতে এবং সবার জন্য প্রযোজ্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে মুখিয়ে আছেন।’
উল্লেখ্য, ২০০০-এর দশকের শুরুতে অফিস ছাড়ার পর বিল ক্লিনটন বেশ কয়েকবার এপস্টাইনের বিমানে ভ্রমণ করেছিলেন। যদিও তিনি এই সম্পর্কের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, এপস্টাইনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না।
হাউজ ওভারসাইট কমিটির চেয়ারম্যান রিপাবলিকান জেমস কোমার সোমবার জানান, ক্লিনটনরা সাক্ষ্য দিতে রাজি হলেও এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ দেননি।
তিনি বলেন, ‘তাদের আইনজীবীরা শর্ত মেনে নেওয়ার কথা বললেও তাতে স্বচ্ছতার অভাব আছে। আমি শর্তগুলো যাচাই করে কমিটির সদস্যদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব।’