২০১৯ সালে জেল হেফাজতে থাকা অবস্থায় যৌন অপরাধে অভিযুক্ত ধনকুবের জেফ্রি এপস্টাইনের মৃত্যুর পর কী ঘটেছিল, তা নিয়ে নতুন কিছু ছবি ও নথিপত্র প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। এফবিআই’র গোপন ফাইল থেকে মুক্ত হওয়া এই নথিতে তার মৃত্যুর পরের মুহূর্তের লোমহর্ষক দৃশ্য উঠে এসেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্ট্রেচারে শোয়ানো অবস্থায় চিকিৎসকরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। তার গলার জখম বা আঘাতের চিহ্নগুলো খুব কাছ থেকে তোলা হয়েছে। নথিপত্র অনুযায়ী, ১০ আগস্ট সকালে তাকে যখন সেলে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়, তার ১৬ মিনিট পর এই ছবিগুলো তোলা হয়েছিল।
নিয়ম ছিল প্রতি ৩০ মিনিট পর পর তাকে পাহারা দেওয়া হবে, কিন্তু মৃত্যুর ওই রাতে নিরাপত্তারক্ষীরা ভোর ৩টা এবং ৫টা চেক করতে যাননি। রহস্যজনকভাবে ওই সময় জেলের সিসিটিভি ক্যামেরাগুলোও কাজ করছিল না।
এপস্টাইনকে একা না রাখার নির্দেশ থাকলেও, তার মৃত্যুর ঠিক আগের দিন তার সঙ্গীকে অন্য সেলে সরিয়ে নেওয়া হয়েছিল।
মৃত্যুর কয়েক সপ্তাহ আগে এপস্টাইন একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। তবে পরে একজন মনোবিদের কাছে তিনি দাবি করেছিলেন, তিনি আত্মহত্যা করতে চান না এবং নিজের জীবন শেষ করে দেওয়াটা হবে পাগলামি। তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।
যদিও মার্কিন সরকার এই মৃত্যুকে ‘আত্মহত্যা’ হিসেবে নথিবদ্ধ করেছে, তবে জেলের অব্যবস্থাপনা এবং এই নতুন ছবিগুলো নিয়ে আবারও বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।