কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। এ ঘটনায় আরও প্রায় ২৭ জন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, আরসিএমপি আরও জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা, বন্দুকধারী খুব সম্ভবত আত্মহত্যা করেছেন।
পুলিশের বরাতে কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানায়, টাম্বলার রিজ এলাকার ওই হাইস্কুলের ভেতর ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
একটি বাড়িতে আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
আরসিএমপি বলেছে, ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলায় একজন বন্দুকধারীই জড়িত ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী খুব সম্ভবত একজন নারী।
আল জাজিরার খবরে আরও বলা হয়েছে, কমপক্ষে দুইজনকে গুরুতর আহত অবস্থায় বিমানে করে নিয়ে যেয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং আরও ২৫ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরসিএমপি জানিয়েছে, বাকি সব ছাত্রদের এবং কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি এই ঘটনাকে ‘অকল্পনীয় ট্র্যাজেডি’ বলে বর্ণনা করেছেন।