Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যালিফোর্নিয়ায় তুষারধস
নিখোঁজ ৯ স্কিয়ারের মধ্যে ৮ জনের মরদেহের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৯

ক্যালিফোর্নিয়ার সোডা স্প্রিংসে একটি উদ্ধারকারী দলের সদস্যরা। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেক তাহো অঞ্চলের দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে তুষারের নিচে চাপা পড়া নিখোঁজ নয়জন স্কিয়ারের মধ্যে আটজনের মরদেহের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে উদ্ধারকারী দল।

বিবিসির প্রকাশিত খবরে জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তুষারধসের একটি ঘটনায় তারা নিখোঁজ হয়েছিলেন।

নেভাদা কাউন্টির শেরিফ শ্যানন মুন বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান, এখনও নিখোঁজ থাকা শেষ স্কিয়ারের সন্ধানে অভিযান চলছে। তবে তিনিও মৃত বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের একজন ছিলেন উদ্ধারকারী দলেরই এক সদস্যের দাম্পত্যসঙ্গী। ফলে উদ্ধারকাজ চালিয়ে যাওয়াটা মানসিকভাবে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ক্যাসেল পিক এলাকায় ‘ফুটবল মাঠের’ সমান আকারের ওই তুষারধস হয়। এতে ১৫ জন স্কিয়ারের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্লেসার কাউন্টির শেরিফ ওয়েন উ বুধবার বলেন, ‘অত্যন্ত কঠিন এ সময়ে আমি পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।’

কর্মকর্তারা জানান, মৃত আটজন স্কিয়ারের মরদেহ এখনো তুষারের নিচে আটকে আছে। পরিস্থিতি ‘খুবই ভয়াবহ’ হওয়ায় এখনই তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

তাহো ন্যাশনাল ফরেস্টের সুপারভাইজার ক্রিস ফিউট্রিয়ার বলেন, তুষারধসের পর ওই এলাকায় আরও ৩ ফুট (শূন্য দশমিক ৯ মিটার) তুষারপাত হয়েছে।

তিনি আরও বলেন, ‘(সেখানে) ঝুঁকি এখনো অনেক বেশি।’

মরদেহগুলো উদ্ধারের পর সেগুলো প্লেসার কাউন্টির মর্গে নিয়ে যাওয়া হবে।

নিহত ব্যক্তিদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো তাদের কারোরই নাম প্রকাশ করেনি।

কর্মকর্তারা বলছেন যে নিহতদের মধ্যে সাতজন নারী এবং দুইজন পুরুষ।

শেরিফ উ জানান, দুটি দলের সমন্বয়ে যৌথভাবে এই উদ্ধার অভিযান চালানো হয়। এ ঘটনায় প্রায় ৫০ জন কর্মী অংশ নেন। বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ‘চরম প্রতিকূল আবহাওয়া’ পাড়ি দিয়ে তাঁদের কাজ করতে হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে অনুসন্ধানকারীরা দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছান। (তুষারধস থেকে) বেঁচে ফেরা ব্যক্তিরা যেখানে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন; সেখান থেকে অনুসন্ধানকারীরা প্রায় দুই মাইল (৩.২ কিমি.) দূরে ছিলেন। সেখান থেকে স্কি করে তাঁদের কাছে যেতে হয়।

শেরিফ মুন জানান, জীবিত উদ্ধার ছয়জনের মধ্যে দুজনকে বয়ে নিয়ে আসতে হয়েছে। তুষারধসের সময় আঘাত পাওয়ায় তাঁরা হাঁটতে পারছিলেন না। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে, তবে জখম প্রাণঘাতী নয়।

জীবিত ব্যক্তিদের মধ্যে একজন গাইড ও পাঁচজন ব্ল্যাকবার্ড মাউন্টেন গাইডেড ট্যুরের গ্রাহক ছিলেন।

পুরো স্কি দলটিতে ১১ জন শৌখিন স্কিয়ার ও ৪ জন স্কি গাইড ছিলেন। তিন দিনের ভ্রমণ শেষে ফেরার পথে মঙ্গলবার ওই তুষারধসের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বরিশালে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫১

চাকরি দিচ্ছে লংকাবাংলা ফাইন্যান্স
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর