ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র তাদের এক পাইলটকে খুঁজছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ দাবি করেছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটকে খুঁজতে মার্কিন হেলিকপ্টার, যুদ্ধবিমান ও নজরদারি ড্রোন ব্যবহার করা হচ্ছে। তবে, ভূপাতিত পাইলটকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র ‘তল্লাশি অভিযান’ শুরু করলেও তাতে কোনও সাফল্য আসেনি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমেরিকানরা এক ঘণ্টা আগে থেকে তাদের পাইলটকে মুক্ত করতে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি হারকিউলিস ১৩০ বিমান ব্যবহার করে তল্লাশি অভিযান চালাচ্ছে। ইরানি সশস্ত্র বাহিনীর গুলিতে ভূপাতিত হওয়া ওই পাইলটকে উদ্ধারে তাদের এই প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক জানিয়েছেন, পাইলটকে জীবিত আটক করতে পারলে পুরস্কার দেওয়া হবে।
শুক্রবার (৩ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আইআরজিসির এই দাবিকে নাকচ করে দিয়েছে। সেন্টকম জানায়, কেশম দ্বীপ এলাকায় কোনো মার্কিন যুদ্ধবিমানের ভূপাতিত হয়নি।
তবে এই নাকচের বিষয়টি সর্বশেষ ইরানি দাবির প্রসঙ্গে দেওয়া হয়েছে কি-না, তা এখনও স্পষ্ট নয়।
উদ্ধার অভিযান এবং পাইলটের বর্তমান অবস্থা নিয়ে এখন পর্যন্ত মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তাছাড়া এসব দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।