মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার অবসান ঘটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। একইসঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনে এসেছে, পুঁজিবাজারে বইছে জোয়ার।
বুধবার (৮ এপ্রিল) আল জাজিরার খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মাত্র ১৫ মিনিটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২ ডলারেরও বেশি কমে গেছে।
নিউইয়র্ক সময় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মে মাসে সরবরাহের জন্য ডব্লিউটিআই তেলের দাম ১২ দশমিক ৪ ডলার বা ১০ দশমিক ৬৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০০ দশমিক ৯০ ডলারে নেমে আসে।
পুঁজিবাজারে উথ্থান
এনভিডিয়া, টেসলা ও ইনটেলের শেয়ারের দাম কয়েক শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতের শেয়ারের দাম ৩ শতাংশ পর্যন্ত কমেছে। জাপানের নিক্কেই ৫ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার কসপি ৬ শতাংশ বেড়েছে।
মার্কিন ডলারের মান গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ডলারের বিপরীতে ইউরো, ব্রিটিশ পাউন্ড এবং জাপানি ইয়েনের মান বেড়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই ঘোষণা আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এর আগে ইরানের তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং প্রতিশোধ হিসেবে তেহরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকিতে তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছিল।