রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ‘বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা’ চালিয়েছে। এ যুদ্ধে দেশ দুটি ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে।
বুধবার (৮ এপ্রিল) স্পুতনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়া এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের দেশ একেবারে শুরু থেকে, প্রথম বিবৃতিতেই বলেছিল, এ আগ্রাসন অবিলম্বে বন্ধ করা দরকার। এ পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।’
তিনি আরও বলেন, দ্রুত একটি ‘বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান’ প্রক্রিয়া শুরু করা প্রয়োজন, যা অবশ্যই আলোচনার ভিত্তিতে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থানকে গুরুত্ব দিয়ে এগোতে হবে।
অন্যদিকে, ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, ইরানে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলের জন্য একটি ‘রাজনৈতিক বিপর্যয়’। এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘ব্যর্থ’ হয়েছেন।
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা বলেন, ‘ইসরায়েলের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম মূল ইস্যু ইরান। অথচ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।’