Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ সপ্তাহের যুদ্ধবিরতি
ইসলামাবাদে শান্তি আলোচনায় নেতৃত্ব দেবেন ভ্যান্স-গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৬ ১৭:১৪ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৯:১২

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলকে আলোচনায় বসতে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আগামী শুক্রবার (১০ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ’র বরাতে আলজাজিরা জানিয়েছে, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্সে জানান, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে একটি ‘উষ্ণ ও তাৎপর্যপূর্ণ’ আলোচনা করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই সপ্তাহের শেষ দিকে ইসলামাবাদে শান্তি আলোচনার আয়োজনের প্রস্তাব গ্রহণে ইরানি নেতৃত্বের প্রজ্ঞা ও দূরদর্শিতার জন্য আমি গভীর কৃতজ্ঞতা জানিয়েছি, যাতে আমরা যৌথভাবে অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে পারি।’

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আসন্ন আলোচনায় অংশগ্রহণের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন এবং পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

অন্যদিকে হাঙ্গেরিতে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুদ্ধবিরতিকে ‘ভঙ্গুর সমঝোতা’ হিসেবে বর্ণনা করেন এবং ইসলামাবাদে আলোচনার আগে তেহরানকে সতর্কবার্তা দেন।

ভ্যান্স বলেন, ‘ইরানিরা যদি আন্তরিকভাবে আমাদের সঙ্গে কাজ করতে চায়, তাহলে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। কিন্তু তারা যদি প্রতারণা করে, তাহলে তারা খুশি থাকবে না।’

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচক দলকে সৎভাবে আলোচনা করার নির্দেশ দিয়েছেন। এ দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ স্টিভ উইটকফ।

ভ্যান্স সতর্ক করে বলেন, ইরান যদি ইতিবাচকভাবে সাড়া না দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের কাছে ‘সামরিক, কূটনৈতিক এবং অসাধারণ অর্থনৈতিক প্রভাব’ বজায় থাকবে।

তিনি আরও দাবি করেন, ট্রাম্প তাকে বলেছেন—ইরানিরা ‘যোদ্ধা হিসেবে যতটা না, আলোচক হিসেবে তার চেয়ে ভালো’ এবং সম্ভাব্য চুক্তি নিয়ে ইরানের অভ্যন্তরে বিভাজন রয়েছে।

এর আগে বুধবার (৮ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধবিরতির এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পরবর্তীতে ইসরায়েলও এতে সম্মত হয়।

এদিকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে রাশিয়া, চীন, ভারত এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এছাড়া আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার প্রধান আর্সেনিও ডমিনগুয়েজও এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর