ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ‘অবরোধ’ আরোপের প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী।
রোববার (১২ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।
ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান আন্তর্জাতিক জলসীমা ব্যবহারকারী জাহাজগুলো থেকে অবৈধভাবে টোল (শুল্ক) আদায় করছে।
তিনি বলেন, মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আন্তর্জাতিক জলসীমায় সেইসব জাহাজ খুঁজে বের করে এবং গতিরোধ করে, যারা ইরানকে টোল দিয়েছে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ইরানকে বেআইনিভাবে টোল দিবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না।
ট্রাম্পের দাবি, তিনি এমন একটি পরিস্থিতি চান যেখানে হরমুজ প্রণালি দিয়ে সবাই অবাধে যাতায়াত করতে পারবে, কিন্তু ইরান বর্তমানে তাতে বাধা সৃষ্টি করছে।
ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কূটনৈতিক সমাধানের পথ আপাতত রুদ্ধ বলে মনে করা হচ্ছে।