মধ্যপ্রাচ্যের চলমান সংকটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধ করার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার সমালোচনা করে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি অবরোধ করলে তা বিশ্ববাজারের জন্য ক্ষতিকর হবে।
সোমবার (১৩ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন।
দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্পের আদেশের অনেক দিক এখনও অস্পষ্ট রয়েছে।
ট্রাম্পের ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা আজ ইরানের বন্দর থেকে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করবে। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) এই অবরোধ শুরু হবে।
যুক্তরাষ্ট্র এই অবরোধ কার্যকর করলে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে ঢুকতে পারবে না। ফলে ইতিমধ্যে জ্বালানি সংকটে অস্থির বিশ্বে সংকট আরও বাড়বে।
আজ ইরানসংশ্লিষ্ট দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে বলে জানা গেছে। কেপলার এবং এলএসইজি-এর শিপিং ডেটা বলছে, ইরানি বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে মার্কিন অবরোধের নির্ধারিত সময়ের আগে হরমুজ প্রণালি ছেড়ে গেছে ট্যাঙ্কার দুটি।