Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাশ পোড়ানো মামলার রায় আজ, ১৬ আসামির ভাগ্য নির্ধারণ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়টি লাশ পুড়িয়ে ফেলাসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে এ রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি হবে তৃতীয় রায়। গত ১ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। এ রায়ের মাধ্যমেই ১৬ আসামির ভাগ্য নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

এর আগে, গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। প্রসিকিউশনের পক্ষে যুক্তিখণ্ডন উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আসামিপক্ষে শুনানি করেন স্টেট ডিফেন্সের আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান। এরও আগে আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।

মামলার ১৬ আসামির মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।

গত বছরের ২১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তখন উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। এ মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলম খানসহ মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

একই বছরের ২ জুলাই প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। অভিযোগপত্রের সঙ্গে ৩১৩ পৃষ্ঠার অন্যান্য তথ্যসূত্র, ৬২ জন সাক্ষীর তালিকা, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি ও দুটি পেনড্রাইভ সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে পুলিশ ভ্যানে তুলে তাদের লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ঘটনার সময় একজন জীবিত ছিলেন; তার গায়ে পেট্রোল ঢেলে তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। এছাড়া এর আগের দিন আরও একজন নিহত হন। এ ঘটনায় একই বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩০

আজ ৫ জনসভায় যোগ দেবেন জামায়াত আমির
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪

আরো

সম্পর্কিত খবর