ঢাকা: মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত ১৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে শুনানি শেষে আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, শুনানিতে রিতার বিরুদ্ধে উত্থাপিত ঋণখেলাপি ও বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। দাখিল করা নথিপত্র ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য পর্যালোচনা করে কমিশন অভিযোগগুলো ভিত্তিহীন বলে নিশ্চিত হয়। এরপর জেলা রিটার্নিং কর্মকর্তার দেওয়া আগের সিদ্ধান্ত বহাল রেখে আপিল খারিজ করা হয়।
গত ৮ ডিসেম্বর মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা নির্বাচন কমিশনে আপিল করে আফরোজা খানম রিতার প্রার্থিতা বাতিলের আবেদন করেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র, হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা আফরোজা খানম রিতাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।