Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধে সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

স্টাফ করেসপন্ডেট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৮

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হতে যাচ্ছে।

জুলাই-আগস্টে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রসিকিউশনের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

মামলার দুই আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আসামিদের উপস্থিতিতে প্রসিকিউশন সূচনা বক্তব্য উপস্থাপন করবে এবং এরপর প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

এর আগে গত ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আজকের দিন সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করা হয়। অভিযোগ গঠনের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের আবেদন জানান।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, জুলাই-আগস্টের আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালমান ও আনিসুল। এ বিষয়ে ১৯ জুলাই তারা ফোনে কথা বলেন এবং ধারাবাহিক ষড়যন্ত্র ও প্ররোচনার মাধ্যমে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের পথ সুগম করেন। এর ফলে বহু মানুষ নিহত হলেও নির্যাতন বন্ধে তারা কোনো কার্যকর উদ্যোগ নেননি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২৩ জুলাই মিরপুরে সংঘটিত হত্যাকাণ্ড, ২৮ জুলাই মিরপুর-১০ এলাকায় মারণাস্ত্রের ব্যবহার, ৪ আগস্ট মিরপুর-১ এলাকায় ১২ জন এবং ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে মিরপুর-২, ১০ ও ১৩ নম্বর এলাকায় ১৬ জন নিহত হওয়ার ঘটনাগুলো তাদের পরিকল্পনা ও নির্দেশনার ফল।

গত বছরের ৪ ডিসেম্বর এসব অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই দিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে। বর্তমানে একাধিক মামলায় কারাগারে রয়েছেন এক সময়ের প্রভাবশালী এই দুই নেতা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর