Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিলের শুনানি নির্বাচনের পর

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৯ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪১

১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।

ঢাকা: দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ হয়নি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে শুনানির দিন ধার্য না করে ‘নট টু ডে’ বলে আদেশ দেন।

আদালতে ড. এম এ কাইয়ুমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। নাহিদ ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

আইনজীবীরা জানান, ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদ ইসলামের করা আবেদনের শুনানি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর হবে।

বিজ্ঞাপন

এর আগে, দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট সরাসরি খারিজ করেন হাইকোর্ট।

গত ৩ ফেব্রুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। ড. এম এ কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

এরও আগে গত ২ ফেব্রুয়ারি ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে আবেদন করা হয়। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো