Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে থেকে সালমান-আনিসুলের ভোট দেওয়ার খবর ভিত্তিহীন: আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪০

সালমান এফ রহমান ও আনিসুল হক।

ঢাকা: কারাগারে আটক থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ভোট দিয়েছেন এমন খবরকে মিথ্যা বলে দাবি করেছেন তাদের আইনজীবী পলাশ চন্দ্র রায়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এদিন মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পলাশ চন্দ্র রায় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে, তার মক্কেলরা কারাগার থেকে ভোট দিয়েছেন। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানার পর তিনি মক্কেলদের সঙ্গে কথা বলেন। মক্কেলরা তাকে নিশ্চিত করেছেন, তারা কেউই ভোট দেননি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কারাগার থেকে ভোট দিতে হলে নির্দিষ্ট একটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এর জন্য আগে থেকেই নিবন্ধন করতে হয়। কিন্তু তার মক্কেলরা কোনো ধরনের নিবন্ধনই করেননি। ফলে তাদের ভোট দেওয়ার কোনো সুযোগ বা প্রশ্নই ওঠে না।

আইনজীবী পলাশ চন্দ্র রায় জানান, সালমান এফ রহমানের নামে নির্দিষ্ট একটি প্রতীকে ভোট দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু যেহেতু তিনি ভোটার হিসেবে নিবন্ধিতই নন, সেহেতু ভোট দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। মক্কেলরা বিষয়টিকে মিথ্যা বলে নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, এ মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়েছে। তবে এদিন কোনো সাক্ষী হাজির করা হয়নি। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর