Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৪ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১১

ঢাকা: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একজনকে গুলিবিদ্ধ ও দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। আগামী ৪ মার্চ এ মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী এরশাদুল হক বাবু।

মামলার পাঁচ আসামির মধ্যে বর্তমানে গ্রেফতার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। রোববার সকালে তাকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিজ্ঞাপন

চঞ্চলের আইনজীবী এরশাদুল হক বাবু বলেন, যুক্তিতর্কে সব তথ্য-উপাত্ত আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে এবং তার মক্কেলের খালাস চাওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রায়ে সুবিচার পাওয়া যাবে এবং কোনো নিরপরাধ ব্যক্তি শাস্তির মুখোমুখি হবে না।

পলাতক অন্য চার আসামি হলেন—খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন লড়ছেন।

এর আগে, ২৯ জানুয়ারি প্রসিকিউশন যুক্তি উপস্থাপন শেষ করে। তারা দাবি করে, সাক্ষ্য-প্রমাণ, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর জবানবন্দিতে পাঁচ আসামির সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ সাজা চাওয়া হয়।

গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একই বছরের ৭ আগস্ট মামলার ফর্মাল চার্জ দাখিল করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই প্রাণ বাঁচাতে আমির হোসেন নামের এক তরুণ রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে ওঠেন। পুলিশ তাকে অনুসরণ করলে তিনি ছাদের কার্নিশের রড ধরে ঝুলে পড়েন। এ সময় এক পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর