Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

স্টাফ করেসপন্ডেট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পাশাপাশি সাক্ষ্যগ্রহণও হতে পারে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আইন অনুযায়ী আজ প্রসিকিউশন ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন করবে। এরপর প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম এগোবে। এ মামলার কোনো আসামি এখনো গ্রেফতার না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে।

বিজ্ঞাপন

পলাতক আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এর আগে গত ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে আজ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। ওই দিন প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে লোকমান হাওলাদার ও ইশরাত জাহান উপস্থিত ছিলেন।

এরও আগে, ১৮ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়। ৮ জানুয়ারি পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ আদালত আমলে নেন এবং সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, জুলাই-আগস্টের আন্দোলন দমনে আসামিরা সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দেন। নেতাকর্মীদের রাজপথে নামিয়ে সহিংস প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানোসহ একাধিক বৈঠকে সহিংসতার পরিকল্পনা করা হয়। কোথাও কোথাও সশস্ত্র হামলা, কঠোর দমন-পীড়ন ও গণমাধ্যম নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন তারা। এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে এসিআই
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৪

এইচএসসি পাসে চাকরি দিচ্ছে ডেকো ফুডস
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৯

‎ভিভো বাংলাদেশে চাকরি'র সুযোগ
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৪

আরো

সম্পর্কিত খবর