Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় তেল কারচুপি ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২০:৪০

অভিযানের সময়কার চিত্র।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জ্বালানি তেল পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি ও অবৈধভাবে সার বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের মালিককে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সদর উপজেলার ভালাইপুর মোড় ও দৌলাতদিয়াড় এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা করে।

অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি ও সংরক্ষণের দায়ে ভালাইপুর বাজারের মেসার্স কুদ্দুস বীজ ভান্ডারের স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে অবৈধভাবে সার বিক্রি ও ভাউচার সংরক্ষণ না করায় ৪৫ ধারায় মেসার্স নিউ তুষার ট্রেডার্সের স্বত্বাধিকারী তুষার আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জ্বালানি তেল পরিমাপে কারচুপির দায়ে মেসার্স রহমান অটো মোবাইলের স্বত্বাধিকারী মশিউর রহমানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ৫ লিটার তেলের মাপে ৩০০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল এবং পরিমাপক যন্ত্রে কারচুপি করা হয়েছিল বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে জ্বালানি তেল, ওষুধ, সার ও বীজ বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।