Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগাম জামিন চেয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১২:২৭

সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন।

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে সংঘটিত একটি হত্যা মামলাসহ তিনটি মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. তৌফিক এনাম টিপুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনটি উপস্থাপন করা হয়। এদিনই তার জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আমিন উদ্দিনসহ ৪০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল এ মামলাটি করেন।

বিজ্ঞাপন

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নুর তাপসসহ বিভিন্ন আইনজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে একদল আইনজীবী ও পুলিশ সদস্যের সহায়তায় জোরপূর্বক নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়। এ সময় প্রকৃত ভোটারদের বের করে দিয়ে জাল ব্যালট তৈরি ও ভুয়া ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়।

পরবর্তীতে, এসব ঘটনার পাশাপাশি যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায়ও আমিন উদ্দিনকে আসামি করা হয়। বর্তমানে এসব মামলায় গ্রেফতার এড়াতে তিনি হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন।

সারাবাংলা/টিএম/ইআ