ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে, সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঘটনাকালে আবদুল জলিল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।
এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।
এ মামলায় ইতোমধ্যে পাঁচজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ওই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক, জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে অভিযোগটি করেন। এ ঘটনায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।