কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
সোমবার (৩০ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন নারী ও শিশুকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ একটি পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসে। পরে সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল তাদের।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।