Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা চত্বর হত্যাযজ্ঞ
তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৬:২৪ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৬:৫৬

ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের মামলার তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৩১ মার্চ) এ মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত দ্রুত সম্পন্ন করে শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি জানান, এ মামলায় উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে নিম্নপদস্থ কর্মচারী যেই জড়িত থাকুক না কেন। কাউকে ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

এ সময় অতীতের ক্রসফায়ারের ঘটনাগুলোও পুনরায় যাচাই বাছাই করে প্রয়োজন হলে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনার কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব মামলায় কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখবে প্রসিকিউশন।

এ ছাড়া ‘ওয়ান-ইলেভেন’ সময়কার মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি।