ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত বহুল আলোচিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়ানো হয়েছে। এ নিয়ে একাধিকবার সময় বাড়ানোর পর এবার আরও দুই মাস সময় দিয়েছে আদালত। নতুন সময় অনুযায়ী আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি তদন্ত কাজ শেষ করতে আরও সময়ের আবেদন জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে সকালে মামলায় গ্রেফতার হওয়া ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাকে ঘিরে এই অভিযোগ দায়ের করা হয়। ওই সময় হেফাজতের নেতা আজিজুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেন। মামলায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী রাজনীতিক, সাবেক মন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিক ও বুদ্ধিজীবী। তাদের অনেকের বিরুদ্ধেই ইতোমধ্যে পৃথক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল নিয়ে বারবার সময় বাড়ানোয় বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।