ঢাকা: দীর্ঘদিন ধরে চলা প্রশ্নফাঁস বাণিজ্যের মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের অভিযোগে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সংশ্লিষ্টদের পাঁচটি বেনিফিশিয়াল ওনার (বিও) অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৫ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, মানিলন্ডারিং সংক্রান্ত তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এসব অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট তথ্যে বলা হয়, আবেদ আলীসহ অভিযুক্তরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে ২০০৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ছিলেন। এই অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে। যা দিয়ে স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তোলার পাশাপাশি শেয়ারবাজারেও বিনিয়োগ করেছেন।
সিআইডির সাইবার ইনভেস্টিগেশনস অ্যান্ড অপারেশনস ইউনিটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহার আবেদনের ভিত্তিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪(১) ধারা অনুযায়ী এসব বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আবেদন করা হয়।
আদালতের আদেশে যে পাঁচটি বিও অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সেগুলো হলো সৈয়দ আবেদ আলীর নামে বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেডে থাকা একটি অ্যাকাউন্ট, আবু সোলায়মান মো. সোহেলের নামে শেলটেক ব্রোকারেজ লিমিটেড ও গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডে থাকা দুটি অ্যাকাউন্ট, জাহাঙ্গীর আলমের নামে মোনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সিতে থাকা একটি অ্যাকাউন্ট এবং মো. মাহবুবুর রহমানের নামে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডে থাকা একটি অ্যাকাউন্ট।