ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এদিন ফাহিমকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর পুলিশি প্রহরায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।
এর আগে, গত ২৯ মার্চ রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকা থেকে জনতা ও একদল শিক্ষার্থী ফাহিমকে আটক করে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। পরদিন ৩০ মার্চ গুলশান থানায় দায়ের করা মো. ইমরান হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীরা মিছিল করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে, এতে মাসুদ হোসাইন আহত হন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন এবং বুকে সংক্রমণ ধরা পড়ায় অস্ত্রোপচারও করতে হয়।
এ ঘটনায় গত বছরের ১০ জুলাই মাসুদ হোসাইন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।