Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাপপ্রবাহে আদালতে কালো কোট-গাউন বাধ্যতামূলক নয়

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৬:৫০

ফাইল ছবি

ঢাকা: সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের জন্য নির্ধারিত পোশাকবিধি শিথিল করা হয়েছে। ফলে এখন আদালত চলাকালে তাদের আর বাধ্যতামূলকভাবে কালো কোট ও গাউন পরতে হবে না।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।

এতে বলা হয়, প্রচণ্ড গরমে বিচারক ও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে স্বস্তি দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকরা কালো কোট ও গাউনের পরিবর্তে সাদা ফুলশার্ট, সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ পরতে পারবেন। এর সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করতে হবে। গাউন পরা আর বাধ্যতামূলক নয়।

বিজ্ঞাপন

আইনজীবীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তারাও সাদা ফুলশার্ট, শাড়ি বা সালোয়ার কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরতে পারবেন। তাদের জন্যও কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা আজ থেকেই কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

তীব্র গরমে দীর্ঘ সময় কালো কোট ও গাউন পরে আদালতে কাজ করা কষ্টকর হয়ে পড়ায় মানবিক দিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর