কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে র্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভার বাজার এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নুরুল বসাক ওরফে নুরুল বাশার মিজু (৬৪)। তিনি টেকনাফ থানার উত্তর জালিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং সৈয়দ নূরের ছেলে।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি বড় মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি টেকনাফ বাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সিপিসি-১’র (টেকনাফ ক্যাম্প) একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মিজুর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানায় দায়ের করা একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে সাজা পরোয়ানা জারির পর থেকে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক নিশ্চিত করেছেন, গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সাজা পরোয়ানার ভিত্তিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।